Topic: রসকলম-১(কিছু মৌলিক মিষ্টান্ন!)
আমাদের কলোনীর মজনু মাতাল। অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। কিন্তু এখন প্রায় প্রতিরাতে যার মদ না হলে চলে না। মানুষ প্রেমে ব্যর্থ হয়ে মদ খায় কিন্তু উনি প্রেম করে বিয়ে করার বেশ কিছুদিন পর মদ খাওয়া ধরেছেন। এ নিয়ে বউয়ের সাথে তার প্রতিদিন তুমুল ঝগড়া লাগছে। তাদের ঝগড়ার বিষয়গুলো বেশ সমসাময়িক এবং ইন্টারেস্টিং! তার কিছু নমুনা দেখুন-
১.
একদিন দেখলাম মজনু মাতালের মন খারাপ। আমি বললাম
-কী ব্যাপার মজনু ভাই তোমার মন খারাপ কেন?
-আর বলিস না! তোর ভাবীর সাথে ঝগড়া হয়ে গেল!
-সে কী কেন?
-ও ওর বাপের বাড়ী গিয়েছিল। আসার সময় কিছু পিঠা, চালের গুঁড়ি আর ওদের গাছের কিছু ফল-মূল ছাড়া আর কিছু আনতে পারেনি!
-কেন? তুমি অন্য আরো কিছু আনতে বলেছিলে না কী?
-যেহেতু প্রেমের বিয়ে আমি তো আর যেীতুক চাইতে পারি না তবু ওর বাবা বিয়ের সময় বলেছিল বিয়ের কিছুদিন পর ফার্ণিচার কেনার জন্য কিছু টাকা দেবে। সেই টাকার অনেকাংশ এখনো বাকী! এবারও বাপের বাড়ী গিয়ে সেই টাকা আনতে পারেনি!
-এজন্যই তোমাদের ঝগড়া লেগে গেল?
-না! বাপের বাড়ী থেকে এসে ও বলল,‘সফর শতভাগ সফল!’ তার জবাবে আমি বললাম সফর শতভাগ ব্যর্থ! ব্যস এরপরই শুরু হয়ে গেল...
২.
এই সেদিন মজনু ভাই বিকেলে আমাকে বলছেন
-বুঝলি সুমন তোর ভাবীও কথা শিখেছে...
-কী রকম?
-গতকাল আমাকে বলল আমি যদি মদ খেয়ে বাসায় ফিরি তাহলে আমার পথে কাঁটা বিছিয়ে রাখবে! আর না খেলে ফুলের মালা দিয়ে বরণ করে নেবে!
-তুমি কী বললে?
-আমি বললাম ফুলের মালা একবার পরে ঘাট শিক্ষা হয়েছে...
-তো গতকাল মদ কী খেয়েছিলে?
-খেয়েছি মানে? আকন্ঠ ... আকন্ঠ...মদ গিলেছি...
-ভাবী পথে কাঁটা বিছাল না?
-হা হা হা কোথায় কাঁটা কোথায় ফুল! আমি মনে কর যে লাল গালিচা দিয়ে যেভাবে আরামে হেঁটে যায় ঠিক সেভাবে বাসায় ঢুকে গেলাম! ঢুকে দেখি তোদের ভাবী তখনও রান্নাঘরে হাঁড়ি পাতিল নিয়ে ব্যস্ত! পথে কাঁটা বিছাবে কখন?
৩.
-আচ্ছা মজনু ভাই এই যে প্রধানমন্ত্রী ভারত সফর করে এলেন সরকার পক্ষ বলছে সফর শতভাগ সফল আবার বিরোধী দল বলছে সফর শতভাগ ব্যর্থ। তোমার কী মনে হয় সফর সফল না ব্যর্থ?
-আসলে আমি এখনই মূল্যায়নটা করতে পারছি না। আমার আরো কিছু ইনফরমেশান লাগবে।
-কী ইনফরমেশান?
-ফেন্সিডিল কী আগের চাইতে আরো বেশী করে আসবে না আসা কমে যাবে তার উপরই আমার মূল্যায়নটা নির্ভর করছে!

তা বটে !! তা বটে !!